
বেঙ্গালুরু, ২৮ মে (হি.স.): কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন সিদ্দারামাইয়া। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বৃহস্পতিবার রাজ্যপালের বিশেষ সচিব প্রভু শঙ্করের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, যিনি রাজ্যের বাইরে রয়েছেন, তিনি রাতেই ফিরতে পারেন। এখনও সিদ্দারামাইয়ার ইস্তফা গৃহীত হয়নি।
এদিন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর আবেগপ্রবণ হয়ে পড়েন সিদ্দারামাইয়া। কর্ণাটকের সম্ভাব্য নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন ডি কে শিবকুমার। এদিন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর এক সাংবাদিক সম্মেলনে সিদ্দারামাইয়ার পাশেই বসেছিলেন শিবকুমার। সিদ্দারামাইয়া কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন।
সিদ্দারামাইয়া বলেন, ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত, যখন আমি দুইবার মুখ্যমন্ত্রী ছিলাম, তখন যারা আমাকে ভালোবাসা দেখিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। ২০১৩ সাল থেকে এখনও পর্যন্ত, আমার সঙ্গে কাজ করা সহকর্মীরা আমার প্রতি সব ধরনের সমর্থন, সহযোগিতা এবং ভালোবাসা প্রকাশ করেছেন। আমি তাদের বন্ধু, আমি গ্রাম থেকে এসেছি, আমি কখনও স্বপ্নেও ভাবিনি যে একদিন আমি বিধায়ক, মন্ত্রী বা মুখ্যমন্ত্রী হব। আমি রাজনীতিতে এসেছিলাম আকস্মিকভাবে, কারণ আমার পরিবারে কেউ রাজনীতিতে ছিল না। তিনি আরও বলেন, আমরা ইস্তেহারে করা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য কাজ করেছি। ২০১৩ সালে আমরা ১৬৩টি প্রতিশ্রুতি দিয়েছিলাম, যার মধ্যে ১৫৮টি পূরণ করেছি। ২০২৩ সালে আমরা ৫৫০টিরও বেশি প্রতিশ্রুতি দিয়েছি, যার মধ্যে ৩০০টি পূরণ করেছি। এছাড়াও, আমরা ৫টি গ্যারান্টি স্কিম ঘোষণা করেছি, যা আমরা প্রথম বছরেই পূরণ করেছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ