শুক্রবার প্রিন্সিপাল সেন্সাস অফিসারদের সম্মেলন উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ২৮ মে (হি.স.): খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু হতে চলেছে। শুক্রবার প্রধান জনগণনা আধিকারিক বা প্রিন্সিপাল সেন্সাস অফিসারদের সম্মেলনের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ১১ মে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে রাজ্
শুভেন্দু অধিকারী


কলকাতা, ২৮ মে (হি.স.): খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু হতে চলেছে। শুক্রবার প্রধান জনগণনা আধিকারিক বা প্রিন্সিপাল সেন্সাস অফিসারদের সম্মেলনের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ১১ মে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে রাজ্যে আদমশুমারি বা জনগণনার কাজ শুরু করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনের পর, ডাইরেক্টোরেট অফ সেন্সাস অপারেশনস, পশ্চিমবঙ্গ খুব শীঘ্রই এই কার্যক্রম শুরু করতে চলেছে। তার আগে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার রাজ্য সচিবালয়ের প্রেক্ষাগৃহে 'নবান্ন সভাঘর'-এ প্রিন্সিপাল সেন্সাস অফিসারদের একটি সম্মেলনের উদ্বোধন করবেন। এই সম্মেলনে জনগণনা কার্যক্রমের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হবে। এর পর থাকবে অতিথিবর্গকে সেন্সাস ২০২৭-এর ম্যাসকট (প্রগতি এবং বিকাশ) প্রদান, রাজ্যে আদমশুমারি কার্যক্রমের বিষয়ে মুখ্যমন্ত্রীর মতামত এবং প্রিন্সিপাল সেন্সাস অফিসারদের প্রশিক্ষণ।

ডাইরেক্টোরেট অফ সেন্সাস অপারেশনস, পশ্চিমবঙ্গের তরফে থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এবারের জনগণনায় পরিবারগুলির কাছ থেকে উত্তর বা তথ্য সংগ্রহের জন্য সুরক্ষিত ‘এইচএলও’ মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করা হবে; পাশাপাশি, রিয়েল-টাইম তদারকির জন্য ‘সেন্সাস ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম পোর্টাল’-এর মতো ওয়েব-ভিত্তিক প্ল্যাটফর্ম এবং উপগ্রহ-সহায়ক ম্যাপিং-এর জন্য ‘হাউস লিস্টিং ব্লক ক্রিয়েটর ওয়েব পোর্টাল’ ব্যবহার করা হবে।

এই আদমশুমারির আরেকটি রূপান্তরমূলক এবং যুগান্তকারী বৈশিষ্ট্য হল, ‘সেলফ এনিউমারেশন’ বা স্ব-গণনা-র সুবিধা। এতে সরকারি পোর্টাল www.se.census.gov.in -এর মাধ্যমে রাজ্যবাসী অনলাইনে স্বেচ্ছায় তাঁদের বিবরণ এবং তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন। সফলভাবে তথ্য জমা দেওয়ার পর, একটি অনন্য ‘সেলফ-এনিউমারেশন আইডি’ তৈরি হবে, যা পরবর্তীতে পরিদর্শনে আসা গণনাকারী সংগ্রহ করবেন এবং কেন্দ্রীয় ডাটাবেস বা তথ্যভাণ্ডারে আপলোড করবেন। স্ব-গণনার এই সুবিধাটি চলতি বছরের ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত উপলব্ধ থাকবে। যে পরিবারগুলি স্ব-গণনার বিকল্পটি বেছে নেবে না, তাদেরকে গণনাকারীদের দ্বারা সশরীরে বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হবে। স্ব-গণনার পর, ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সমগ্র রাজ্যজুড়ে ‘এইচএলও ফেজ-১’ পরিচালিত হবে। এই পর্ব চলাকালীন, গণনাকারীরা আদমশুমারি কাঠামোর অধীনে ৩৩টি প্রশ্ন সম্বলিত একটি সুনির্দিষ্ট প্রশ্নাবলীর মাধ্যমে আবাসন, পারিবারিক সুযোগ-সুবিধা, সম্পদ, পরিবারের বিবরণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে বাড়ি বাড়ি পরিদর্শন করবেন।

বাসিন্দাদের জনগণনা আধিকারিকদের সহযোগিতা করার এবং সম্পূর্ণ ও সঠিক তথ্য প্রদান করার অনুরোধ জানানো হয়েছে। এই বিষয়ে যেকোনও প্রয়োজনীয় তথ্যের জন্য সাধারণ মানুষ টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৮৫৫-এ যোগাযোগ করতে পারেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande