
নয়াদিল্লি, ২৮ মে (হি.স.): রাজধানী দিল্লিতে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে দুই বৃদ্ধার। বৃহস্পতিবার মধ্য দিল্লির নিউ রাজেন্দ্র নগরের আর ব্লকের একটি বাড়ির ভেতর থেকে সরোজ ও চন্দ্রকান্তা নামে দুই বৃদ্ধা মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তদন্তে শুরু করে ফরেনসিক দল ও দিল্লি পুলিশ। দুই বৃদ্ধার মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য তদন্ত চলছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
যুগ্ম সিপি মধুর ভর্মা বলেন, সরোজ এবং শ্রীমতি চন্দ্রকান্তা উভয়েরই বয়স প্রায় ৮০ বছর ছিল। তাঁরা একাই থাকতেন। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ আমরা গৃহকর্মীর কাছ থেকে প্রথম খবর পাই যে বাড়ি থেকে একটি দুর্গন্ধ আসছে। পুলিশ ও ফরেনসিক দল তদন্ত করে দেখতে পায়, উভয় মহিলার মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজনের মুখে আঘাতের চিহ্ন ছিল, যা থেকে বোঝা যায় তিনি দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিলেন, এবং অন্য মহিলাকে তাঁর বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়, যেখানে তাঁর পেসমেকারটি নাগালের বাইরে ছিল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ময়নাতদন্ত করা হবে। মৃতদের আত্মীয়দের ডাকা হয়েছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ