
নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : শুক্রবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) জানিয়েছে, বোর্ড পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য ‘পোস্ট-রেজাল্ট অ্যাক্টিভিটিজ’ পোর্টাল আগামী ১ জুন ২০২৬ থেকে চালু করা হবে। মূল্যায়ন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, প্রযুক্তিগতভাবে নির্ভরযোগ্য ও মানসম্মত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
শুক্রবার এক বিবৃতিতে সিবিএসই জানিয়েছে, যেসব পরীক্ষার্থীর ফলাফল নিয়ে আপত্তি বা সংশয় রয়েছে, তারা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। পরীক্ষার্থীদের সুবিধার জন্য টেলি-কাউন্সেলিং হেল্পলাইন ১৮০০-১১-৮০০৪ এবং ই-মেল আইডি resultcbse2026@cbseshiksha.in চালু করা হয়েছে।
উল্লেখ্য, এ বছর সিবিএসই-এর অন-স্ক্রিন মার্কিং (ওএসএম) পদ্ধতি নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের একাংশের মধ্যে একাধিক অভিযোগ ওঠে। প্রযুক্তিগত ত্রুটি, পোর্টাল বারবার বিকল হয়ে যাওয়া এবং স্ক্যান করা উত্তরপত্রে ভুল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক আইআইটি মাদ্রাজ ও আইআইটি কানপুরের বিশেষজ্ঞদের সহায়তায় প্রযুক্তিগত সমস্যা সমাধানের নির্দেশ দেয়।
সিবিএসই জানিয়েছে, পোর্টালটিকে অতিরিক্ত প্রযুক্তিগতভাবে শক্তিশালী করা হচ্ছে যাতে বিপুল সংখ্যক আবেদন নির্বিঘ্নে নিষ্পত্তি করা যায়। বোর্ড পরীক্ষার্থীদের গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির উপর ভরসা রাখার আবেদন জানিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য