প্রচণ্ড গরমে পরিচ্ছন্নতা কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান সিআর পাটিলের
নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : তীব্র গরম ও তাপপ্রবাহের মধ্যেও নিরলসভাবে কাজ করে চলা পরিচ্ছন্নতা কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিল। তিনি নাগরিকদের প্রতি আবেদন জানিয়ে বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সহানুভূতি, সম
প্রচণ্ড গরমে পরিচ্ছন্নতা কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান সিআর পাটিলের


নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : তীব্র গরম ও তাপপ্রবাহের মধ্যেও নিরলসভাবে কাজ করে চলা পরিচ্ছন্নতা কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিল। তিনি নাগরিকদের প্রতি আবেদন জানিয়ে বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সহানুভূতি, সম্মান ও সহযোগিতার মনোভাব দেখানো অত্যন্ত জরুরি। তাঁর কথায়, “এক গ্লাস জল, একটু ছায়া ও সম্মানজনক আচরণও তাঁদের জন্য বড় সহায়তা হতে পারে।”

শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সিআর পাটিল বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ভয়াবহ গরম পড়লেও পরিচ্ছন্নতা কর্মীরা গ্রাম, রাস্তা ও জনবহুল এলাকাগুলিকে পরিষ্কার ও নিরাপদ রাখতে নিরন্তর কাজ করে চলেছেন। কঠিন পরিস্থিতির মধ্যেও তাঁদের নিষ্ঠা ও দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়।

তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই কঠিন সময়ে একে অপরের প্রতি সংবেদনশীল ও সহানুভূতিশীল থাকার আহ্বান জানিয়েছেন। সেই বার্তাকেই সামনে রেখে পাটিল বলেন, আশেপাশে কোনও পরিচ্ছন্নতা কর্মী কাজ করলে তাঁদের পানীয় জল দেওয়া, কিছুক্ষণ ছায়ায় বিশ্রামের সুযোগ করে দেওয়া এবং সম্মানের সঙ্গে আচরণ করা উচিত।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারের বা কোনও নির্দিষ্ট কর্মীর দায়িত্ব নয়, এটি গোটা সমাজের সম্মিলিত দায়িত্ব। স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ)-এর পক্ষ থেকেও নাগরিকদের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য জল, ছায়া ও মানবিক আচরণ নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।

পাটিলের কথায়, মানবতা, সহমর্মিতা ও সংবেদনশীলতার মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করেই গড়ে তোলা সম্ভব আরও পরিচ্ছন্ন, সুস্থ ও মানবিক ভারত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande