ভারত-আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি: পীযূষ গোয়েল
নয়াদিল্লি / নিউইয়র্ক, ২৯ মে (হি.স.) : ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং দুই দেশই একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে বলে জানালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গ
ভারত-আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি: পীযূষ গোয়েল


নয়াদিল্লি / নিউইয়র্ক, ২৯ মে (হি.স.) : ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং দুই দেশই একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে বলে জানালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।

বৃহস্পতিবার নিউইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প জগতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পীযূষ গোয়েল জানান, মার্কিন-ভারত কৌশলগত অংশীদারিত্ব ফোরাম (ইউ. এস. আই. এস. এফ)-এর সহযোগিতায় আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি ৫০-র বেশি আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য প্রতিনিধির সঙ্গে আলোচনা করেছেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র নেতৃত্বে ভারতের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, সংস্কারভিত্তিক ব্যবসায়িক পরিবেশ এবং বিশ্ব বিনিয়োগকারীদের জন্য বাড়তে থাকা সুযোগ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন ও সাপ্লাই চেন অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় হয়।

এদিন পীযূষ গোয়েল বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্তার সঙ্গেও পৃথক বৈঠক করেন। মরগান স্ট্যানলির চেয়ারম্যান ও সিইও টেড পিকের সঙ্গে ভারতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়। এছাড়া ওয়ারবার্গ পিঙ্কাসের চেয়ারম্যান চিপ কে-র সঙ্গে বৈশ্বিক বিনিয়োগ পরিস্থিতি এবং ভারতের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তিনি।

অ্যামনিয়াল ফার্মাসিউটিক্যালসের সহ-প্রতিষ্ঠাতা ও সহ-সিইও চিন্টু প্যাটেলের সঙ্গে ভারতের ওষুধ শিল্পে বিনিয়োগ ও উদ্ভাবনের সুযোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মাস্টারকার্ডের সিইও মাইকেল মিব্যাকের সঙ্গে ডিজিটাল বাণিজ্য, সাইবার নিরাপত্তা এবং নতুন প্রজন্মের পেমেন্ট সিস্টেম নিয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন গোয়েল।

উল্লেখ্য, আগামী ১ থেকে ৪ জুনের মধ্যে আমেরিকার একটি প্রতিনিধি দল নয়াদিল্লি সফরে আসছে। সেই বৈঠকে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির খসড়া চূড়ান্ত করা এবং বৃহত্তর দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় বাজারে প্রবেশাধিকার, শুল্ক বহির্ভূত বাণিজ্যিক বাধা ও কাস্টমস সংক্রান্ত বিষয় নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা আরও এগোবে বলে জানা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande