
কিষাণগঞ্জ, ২৯ মে (হি.স.) : বিহারের কিষাণগঞ্জ জেলায় শুক্রবার ভোরে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন যুবককে আটক করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ধৃতের নাম মনোজ রবিদাস। পোঠিয়া ব্লকের মির্জাপুর গ্রামে কয়েক ঘণ্টাব্যাপী এই তল্লাশি অভিযান চালানো হয়। এনআইএ-র পাশাপাশি এটিএস, এনএসজি ও এসটিএফ-র যৌথভাবে অভিযানে চালায়। গোটা গ্রাম কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়।
শুক্রবার ভোররাত ৩টে নাগাদ কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে এনআইএ-র দল মির্জাপুর গ্রামে পৌঁছয়। এরপর একটি বাড়ি ঘিরে শুরু হয় তল্লাশি। নিরাপত্তার স্বার্থে ওই সময় বাইরের কাউকেই ঘটনাস্থলের আশপাশে যেতে দেওয়া হয়নি।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের সঙ্গে কোনও বিদেশি সংগঠনের যোগ থাকতে পারে বলে তাঁদের কাছে তথ্য ছিল। একটি সন্দেহজনক অডিও ক্লিপও তদন্তকারীদের হাতে আসে, যেখানে আপত্তিকর কথোপকথনের ইঙ্গিত মিলেছে বলে দাবি। সেই সূত্র ধরেই এই অভিযান চালানো হয়। যদিও গোটা বিষয় নিয়ে এখনও পর্যন্ত এনআইএ-র তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তল্লাশি চলাকালীন ধৃতের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ডিজিটাল তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও ধৃত কার কার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং কোনও বড় চক্রের সঙ্গে তাঁর যোগ রয়েছে কি না সেসব বিষয় ও খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোররাতে আচমকা বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী গ্রামে পৌঁছনোর পর আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কয়েক ঘণ্টা ধরে গোটা এলাকা কার্যত স্তব্ধ হয়ে পড়ে। কাউকেই বাড়ির বাইরে বের হতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
অভিযান শেষে মনোজ রবিদাসকে নিজেদের হেফাজতে নেয় এনআইএ। তবে ঠিক কোন মামলায় তদন্ত চলছে বা বিদেশি সংগঠনের সঙ্গে তাঁর কী ধরনের যোগাযোগ ছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার পর গোটা জেলায় নিরাপত্তা ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস