
.
ভোপাল, ২৯ মে (হি.স.) :
এ বছর গম সংগ্রহে নতুন রেকর্ড গড়ল মধ্যপ্রদেশ সরকার। রাজ্যে কৃষকদের কাছ থেকে এখনও পর্যন্ত রেকর্ড ১.৪ কোটি মেট্রিক টন গম কেনা হয়েছে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ।
শুক্রবার উজ্জয়িনীতে ভিডিও বার্তার মাধ্যমে তিনি জানান, গম উৎপাদক কৃষকদের প্রতি কুইন্টালে ২,৫৮৫ টাকা ন্যূনতম সহায়ক মূল্য -এর সঙ্গে অতিরিক্ত ৪০ টাকা বোনাস দেওয়া হয়েছে। ফলে কৃষকরা প্রতি কুইন্টাল গমের জন্য মোট ২,৬২৫ টাকা করে পেয়েছেন। ইতিমধ্যেই কৃষকদের প্রায় ২৪ হাজার কোটি টাকা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, গম ক্রয়ের জন্য নথিভুক্ত কৃষকের সংখ্যার নিরিখে মধ্যপ্রদেশ এখন দেশের শীর্ষ রাজ্যগুলির অন্যতম। গম উৎপাদনের ক্ষেত্রেও পঞ্জাবের পরেই মধ্যপ্রদেশের স্থান। পাশাপাশি দীর্ঘতম সময় ধরে গম সংগ্রহ প্রক্রিয়া চালু রাখার ক্ষেত্রেও মধ্যপ্রদেশই দেশের একমাত্র রাজ্য বলে দাবি করেন তিনি।
ডঃ মোহন যাদব জানান, এ বছর প্রথমবার ছোট ও মাঝারি কৃষকদের কাছ থেকে আগে গম কেনার ব্যবস্থা করা হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৩২.৭২ লক্ষ মেট্রিক টন গম ছোট কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এরপর বড় কৃষকদের ফসল বিক্রির সুযোগ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১৩ লক্ষ ৭৫ হাজার কৃষকের কাছ থেকে সহায়ক মূল্যে গম কেনা হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র নেতৃত্বে কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। কৃষকদের আয় বৃদ্ধি, পশুপালন, দুগ্ধ উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং কৃষিভিত্তিক উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য