

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : কর্ণাটকের কার্যনিবাহী মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া শুক্রবার দিল্লিতে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।
সিদ্ধারামাইয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ জানান, এদিন তিনি রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কর্ণাটকের বিদ্যুৎমন্ত্রী কে জে জর্জ, গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতিরাজ মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে এবং ডঃ যতীন্দ্র সিদ্ধারামাইয়া।
অন্যদিকে, খাড়গে সোশ্যাল মিডিয়ায় সিদ্ধারামাইয়ার রাজনৈতিক জীবন ও সামাজিক ন্যায়বিচারের প্রতি তাঁর অঙ্গীকারের প্রশংসা করেন। তিনি লেখেন, সাধারণ পরিবার থেকে উঠে এসে দু’বার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত সিদ্ধারামাইয়া সর্বদা সাম্য, সম্প্রীতি এবং বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন। কংগ্রেস এবং কর্ণাটক তাঁর অবদানের জন্য কৃতজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন সিদ্ধারামাইয়া। শুক্রবার রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাঁকে কার্যনিবাহী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য