মহারাষ্ট্রে বিষাক্ত মদ পান করে ৮ জনের মৃত্যু, গ্রেফতার ৮
মুম্বই, ২৯ মে (হি.স.) : মহারাষ্ট্রের পুণে জেলার হাডপসর ও ফুগেওয়াড়ি এলাকায় বিষাক্ত দেশি মদ পান করে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী
মহারাষ্ট্রে বিষাক্ত মদ পান করে ৮ জনের মৃত্যু, গ্রেফতার ৮


মুম্বই, ২৯ মে (হি.স.) : মহারাষ্ট্রের পুণে জেলার হাডপসর ও ফুগেওয়াড়ি এলাকায় বিষাক্ত দেশি মদ পান করে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ পুণে পুলিশ কমিশনার অমিতেশ কুমারের সঙ্গে কথা বলেন এবং ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করেন। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় কাউকেই রেহাই দেওয়া হবে না।

পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন অবৈধ মদ বিক্রেতা বিরখা সিং এবং ডিস্ট্রিবিউটর যোগেশ ওয়ানখেড়ে। তদন্তকারীদের সন্দেহ, এই মদ তৈরিতে ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল স্পিরিট সরবরাহ করতেন যোগেশ।

রাজ্য আবগারি দফতরের কমিশনার অতুল কানাড়ে জানান, মৃতদের নাম পাণ্ডুরঙ্গ ফুগে, বিজয় প্রকাশ রাঠৌড়, রাজেন্দ্র প্রকাশ রাঠৌড়, রাজু রাজপুত, আকবর পাঠান, বাবা শেখ, আনন্দ দেশাই এবং আনন্দ নিকালজে। এছাড়া সুভাষ ডিগিকার ও অক্ষয় অবসরমলের চিকিৎসা চলছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পিম্পরি-চিঞ্চওয়াড়ের ফুগেওয়াড়ি এলাকায় রাসায়নিক মেশানো স্পিরিট ব্যবহার করে ওই দেশি মদ তৈরি করা হয়েছিল। পরে তা হাডপসর ও আশপাশের এলাকায় সরবরাহ করা হয়।

বিষাক্ত মদ পান করার পর আক্রান্তদের তীব্র পেটব্যথা ও বমির উপসর্গ দেখা দেয়। তাঁদের হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় কয়েকজনের মৃত্যু হয়।

পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে। ফরেন্সিক ও মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার পর তদন্তে আরও অগ্রগতি হবে বলে জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande