
মায়ামি, ৩ মে(হি.স.): মেজর লিগ সকারে (এমএলএস) অবিশ্বাস্য এক ম্যাচ দেখল ফুটবল বিশ্ব। লিওনেল মেসির গোল ও অ্যাসিস্টে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেও ইন্টার মায়ামি জিততে পারল না। দুর্দান্ত প্রত্যাবর্তনে ৪-৩ ব্যবধানে জিতে গেল অরল্যান্ডো সিটি। হ্যাটট্রিক করে দলটির জয়ের নায়ক মেসির স্বদেশি মিডফিল্ডার মার্টিন ওহেদা।
রবিবার (৩ মে) ম্যাচটিতে শুরু থেকেই দাপট দেখায় ইন্টার মায়ামি। প্রথমার্ধের ৩৩ মিনিটের মধ্যেই মেসির দাপটে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।মনে হচ্ছিল একতরফা ম্যাচে জয় নিশ্চিত মেসিদের।
তবে বিরতির আগেই ম্যাচে ফেরে অরল্যান্ডো। ব্যবধান কমান ওহেদা। এরপর দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচের মোড় ঘুরে যায়। দ্বিতীয়ার্ধে নিয়ন্ত্রণ হারায় ইন্টার মায়ামি। দ্রুত আক্রমণে উঠে ব্যবধান বাড়ানোর চেষ্টা করে মায়ামি। রক্ষণে ফাঁক রেখে এগিয়ে যায় তারা। সেই সুযোগটাই কাজে লাগান ওহেদা।
আর্জেন্টাইন মিডফিল্ডার নিজের দ্বিতীয় ও তৃতীয় গোল করে ম্যাচ ৩-৩ সমতায় ফেরান দলকে। অতিরিক্ত সময়ে টায়রিস স্পাইসার গোল করে অরল্যান্ডো সিটিকে অবিশ্বাস্য জয় এনে দেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি