
কলকাতা, ৩ মে (হি. স.) : প্রথম ডিভিশন লিগের চ্যাম্পিয়নশিপ প্লে-অফের সেমিফাইনালে রবিবার নজর কাড়ল ঐতিহ্যবাহী দুই ক্লাবের লড়াই। সি এ বি পরিচালিত এই খেলায় শেষ পর্যন্ত ৬ উইকেটে জয় তুলে নিল মোহনবাগান এ. সি., হার মানল কালীঘাট ক্লাব ।
রবিবার খেলায় টস জিতে ব্যাটিংয়ে কালীঘাট ক্লাব শুরুটা মন্দ করেনি। তবে বড় রানের ভিত গড়তে পারেনি কেউই। বৈভব যাদব-এর ৭৫ এবং রাহুল গুপ্ত -র ৪২ রানের ইনিংস দলকে ২৭৬ পর্যন্ত নিয়ে যায়। মোহনবাগানের বোলিংয়ে নজর কাড়েন বিবেক সিং , দীর্ঘ স্পেলে ৪ উইকেট তুলে প্রতিপক্ষকে চাপে রাখে। এর পাশাপাশি আমির গনি-র নিয়ন্ত্রিত বোলিংও কার্যকরী ভূমিকা নেয়।
এর জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেলেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মোহনবাগান। ইনিংসের মেরুদণ্ড হয়ে ওঠে অধিনায়ক অনুষ্টুপ মজুমদার । ১০৬ বলে অপরাজিত ৯৩ রানের অনবদ্য ইনিংস সে খেলে। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত করে বিবেক সিং, ৭৩ বলে অপরাজিত ৫৯ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। এছাড়া অভিষেক কুমার রামন -এর ধীরস্থির অর্ধশতরানও দলের ভিত মজবুত করে।
কালীঘাটের হয়ে বল হাতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে বৈভব যাদব, সে পেয়েছে - ২টি উইকেট। কিন্তু প্রয়োজনীয় সাফল্য এনে দিতে ব্যর্থ হয়েছে অন্যরা।
৬৫.২ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে মোহনবাগান। এই জয়ের ফলে ফাইনালের টিকিট নিশ্চিত করল তারা। ম্যাচ জুড়ে ব্যাট-বল দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স এদিনের খেলায় ব্যবধান গড়ল দুই দলের মধ্যে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত