
নয়াদিল্লি, ৩০ মে (হি.স.) : প্রযুক্তিগত ত্রুটির কারণে শনিবার কয়েকটি পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত সময়ে সিইউইটি-ইউজি ২০২৬ পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরীক্ষার প্রযুক্তিগত অংশীদার টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-এর পক্ষ থেকে এই সমস্যার কথা জানানো হয়।
এনটিএ-র দাবি, প্রযুক্তিগত ত্রুটি ইতিমধ্যেই মেরামত করা হয়েছে এবং কোনও পরীক্ষার্থীর ক্ষতি হবে না। যেসব কেন্দ্রে সমস্যা দেখা দিয়েছিল, সেখানে পরীক্ষার্থীদের সম্পূর্ণ অতিরিক্ত সময় (কম্পেনসেটরি টাইম) দেওয়া হবে।
সংস্থা সংশোধিত সূচি প্রকাশ করে জানিয়েছে, দুপুরের সেশনের পরীক্ষার্থীদের প্রবেশ প্রক্রিয়া শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। পরীক্ষা শুরু হবে বিকেল ৪টায়। আগে ওই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টায়।
এনটিএ আরও জানিয়েছে, সকালের সেশনের পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সমাধানের জন্য নির্ধারিত পূর্ণ সময় দেওয়া হচ্ছে। পরীক্ষার নির্ধারিত সময় শেষ হওয়ার আগে কাউকেই কেন্দ্র থেকে বের হতে দেওয়া হবে না।
পরীক্ষার্থী ও অভিভাবকদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে এনটিএ জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সহায়তার জন্য এনটিএ হেল্পলাইন নম্বর +৯১-১১-৪০৭৫৯০০০ এবং ই-মেল cuet-ug@nta.ac.in প্রকাশ করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য