
নয়াদিল্লি, ৩০ মে (হি.স.) : কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (সিইউইটি-ইউজি ২০২৬) পরীক্ষায় শনিবার দেখা দেওয়া বিশৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন লোকসভার বিরোধী দলনেতা । তিনি অভিযোগ করেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা ভেঙে পড়েছে এবং একের পর এক গুরুত্বপূর্ণ পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে সরকার।
শনিবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে রাহুল গান্ধী লেখেন, “নিট, সিবিএসই, এসএসসি এবং এখন সিইউইটি— চারটি পরীক্ষা, এক কোটিরও বেশি ছাত্রছাত্রী, অথচ একটি পরীক্ষাও নির্বিঘ্নে সম্পন্ন করা গেল না।” তাঁর দাবি, সরকার নিজেদের সেরা বলে প্রচার করলেও বাস্তবে একটি পরীক্ষাও ঠিকমতো পরিচালনা করতে পারছে না। তিনি আরও বলেন, “যে প্রজন্মের ভবিষ্যৎ আজ নষ্ট করা হচ্ছে, সেই প্রজন্মই একদিন সরকারের কাছে জবাব চাইবে।”
উল্লেখ্য, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরিচালিত সিইউইটি-র প্রথম দিনেই দেশজুড়ে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। অনলাইন মাধ্যমে প্রশ্নপত্র আপলোডে প্রযুক্তিগত সমস্যার কারণে সকালের শিফটের পরীক্ষা নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পরে শুরু হয়। জয়পুর-সহ দেশের একাধিক পরীক্ষাকেন্দ্রে এই সমস্যা দেখা দেয়। সঠিক তথ্যের অভাবে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এবং বহু কেন্দ্রে ক্ষোভও প্রকাশ পায়।
এনটিএ জানিয়েছে, পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা -এর প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই সমস্যা তৈরি হয়। সার্ভারে গোলযোগ দেখা দেওয়ায় সময়মতো প্রশ্নপত্র আপলোড করা সম্ভব হয়নি। ফলে সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও পরীক্ষা শুরু হয় বেলা ১১টা ২৩ মিনিটে।
এছাড়া দ্বিতীয় শিফটের পরীক্ষার সময়ও পরিবর্তন করা হয়েছে। দুপুর ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও সংশোধিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হয় বিকেল ৪টায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য