
মুম্বই, ৪ মে (হি.স.): ধর্মা প্রোডাকশন্স-এর বহুল প্রতীক্ষিত ছবি ‘লাগ যা গলে’ ফের চর্চায়। ভিন্নধর্মী কাহিনির কারণে ইতিমধ্যেই আলোচনায় থাকা এই ছবির শুটিং আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে, ফলে মুক্তির অপেক্ষা আরও কিছুটা দীর্ঘ হতে চলেছে দর্শকদের জন্য।
এই অ্যাকশন-ড্রামায় মুখ্য ভূমিকায় রয়েছেন জাহ্নবী কাপুর, টাইগার শ্রফ এবং লক্ষ্য লালওয়ানি। সূত্রের খবর, ছবিটির শুটিং এখন অক্টোবর মাস পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
এর মূল কারণ হিসেবে জানা যাচ্ছে, লক্ষ্য লালওয়ানির লুক পরিবর্তন। তাঁর আগের ছবি চাঁদ মেরা দিল-এ যেখানে তাঁকে তুলনামূলকভাবে শান্ত ও কোমল চরিত্রে দেখা গিয়েছিল, সেখানে ‘লাগ যা গলে’-তে তাঁকে আরও রুক্ষ চেহারায় উপস্থাপন করা হবে। সেই অনুযায়ী নতুন লুকের জন্য তাঁকে চুল বড় করতে হচ্ছে, যার জেরেই শুটিংয়ের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, অনন্যা পাণ্ডের সঙ্গে অভিনীত 'চাঁদ মেরা দিল' ছবি আগামী ২২ মে মুক্তি পাওয়ার কথা।
সূত্রের খবর , লুক পরিবর্তনের কাজ সম্পূর্ণ হলেই ফের শুরু হবে শুটিং। বিশেষ আকর্ষণ হিসেবে এই ছবিতে প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করে নিতে দেখা যাবে টাইগার শ্রফ ও লক্ষ্য লালওয়ানিকে। তাঁদের চরিত্রের মধ্যে সংঘাত ছবির অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, জাহ্নবী কাপুরের উপস্থিতি ছবির কাহিনিতে ত্রিকোণ প্রেমের ইঙ্গিত দিচ্ছে, যা ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলেই আশা নির্মাতাদের।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস