
।। রাজীব দে ।।
ঢাকা, ৪ মে (হি.স.) : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচই খলিলুর রহমানের সাথে তাঁর দফতরে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
আজ রবিবারের সাক্ষাৎকালে হাইকমিশনার ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রালয়কে ধন্যবাদ জানান। বৈঠকে তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করেছেন। উভয় দেশই তাদের নতুন সক্ষমতা এবং আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে ভবিষ্যৎ সম্পর্কের দিকনির্দেশনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন প্রণয় ভার্মা।
হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের জনগণ ও সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, উভয় দেশের জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে জনকেন্দ্রিক সহযোগিতা আরও শক্তিশালী করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুই দেশের সম্পর্ক উন্নয়নে হাইকমিশনারের অবদানের প্রশংসা করে তাঁর পরবর্তী কর্মজীবনের সাফল্য কামনা করেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস