উর্ধমুখী শেয়ার বাজার, বিধানসভা নির্বাচনের আবহে প্রায় ৩৫৬ পয়েন্ট লাফাল সেনসেক্স
নয়াদিল্লি, ৪ মে (হি. স.) : দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ও প্রাথমিক ট্রেন্ড আসার সাথে সাথেই সোমবার সপ্তাহের প্রথম দিনে চাঙ্গা হয়ে উঠল ভারতের শেয়ার বাজার। দিনভর উত্থান-পতনের পর বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
শেয়ার বাজার


নয়াদিল্লি, ৪ মে (হি. স.) : দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ও প্রাথমিক ট্রেন্ড আসার সাথে সাথেই সোমবার সপ্তাহের প্রথম দিনে চাঙ্গা হয়ে উঠল ভারতের শেয়ার বাজার। দিনভর উত্থান-পতনের পর বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)—উভয় সূচকই এদিন সবুজের ঘরে থিতু হয়েছে।

এদিন লেনদেনের শেষে বিএসই সেনসেক্স ৩৫৫.৯০ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৭,২৬৯.৪০ পয়েন্টে বন্ধ হয়েছে। অন্যদিকে, এনএসই নিফটি ১২১.৭৫ পয়েন্ট বা ০.৫১ শতাংশ বেড়ে ২৪,১১৯.৩০ পয়েন্টের স্তরে পৌঁছেছে। মূলত রিয়্যালটি, মেটাল, ফার্মা এবং অটোমোবাইল সেক্টরের শেয়ারগুলিতে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। বিশেষ করে আদানি পোর্টস এবং হিন্দুস্তান ইউনিলিভারের (এইচইউএল) শেয়ার দর এদিন প্রায় ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে বাজার চাঙ্গা থাকলেও আইটি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং মিডিয়া সেক্টরের শেয়ারগুলিতে আজ বিক্রির চাপ ছিল বেশি।

ঘরোয়া বাজার ইতিবাচক থাকলেও বিশ্ব পরিস্থিতির কারণে ভারতীয় মুদ্রার ওপর চাপ অব্যাহত রয়েছে। পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতা, অপরিশোধিত তেলের দামের ওঠানামা এবং বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির আশঙ্কার প্রভাবে আজ ভারতীয় টাকার মানে বড় পতন হয়েছে। লেনদেনের এক পর্যায়ে মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম ৩৯ পয়সা কমে ৯৫.২৩ টাকায় (অস্থায়ী) পৌঁছেছে, যা এযাবৎকালের সর্বনিম্ন স্তর।

উল্লেখ্য, গত সপ্তাহের শেষ কর্মদিবস অর্থাৎ ৩০ এপ্রিল সেনসেক্স এবং নিফটি উভয়ই বড় পতনের মুখ দেখেছিল। সেদিন সেনসেক্স ৫৮২.২৬ পয়েন্ট এবং নিফটি ১৮০.১০ পয়েন্ট হারিয়েছিল। এদিন সেই লোকসান কাটিয়ে বাজার ঘুরে দাঁড়ানোয় স্বস্তিতে বিনিয়োগকারীরা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande