
হুগলি , ৬ মে (হি.স.) : আরামবাগে বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সংঘর্ষে আহত হলেন এক কর্মী। ঘটনাটি ঘটেছে পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে।
বুধবার স্থানীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক বিষয়কে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। ঘটনায় এক বিজেপি কর্মী গুরুতরভাবে আহত হন।
আহতকে দ্রুত আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় দলীয় অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত স্থানীয় বিজেপি নেতৃত্বের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA