
ঝাড়গ্রাম, ৬ মে (হি.স.): ভোটের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনার আবহের মধ্যেই ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে সৌজন্যের নজির গড়ল বিজেপি নেতৃত্ব। এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসের সামনে লাগানো বিজেপির পতাকা নিজেরাই খুলে দিলেন স্থানীয় বিজেপি নেতারা।
বুধবার ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর বাজারের হাতিবাড়ি মোড়ে। অভিযোগ, রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বিজেপির পতাকা টাঙিয়ে দেয়। বিষয়টি নজরে আসতেই নয়াগ্রাম ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি স্বপন রথ, নেতা সুমন্ত মহান্তি ও দেব প্রকাশ দাস সহ অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পতাকা খুলে দেন।
বিজেপি নেতা সুমন্ত মহান্তি জানান, “এই কাজ আমাদের দলের নয়। কিছু অসাধু ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে। আমরা কোনওভাবেই এই ধরনের কাজকে সমর্থন করি না। গোপীবল্লভপুর শান্তিপ্রিয় এলাকা, এখানে অশান্তি বরদাস্ত করা হবে না।”
অন্যদিকে, মঙ্গলবার জামবনি ব্লকের পড়িহাটিতেও তৃণমূলের পার্টি অফিসের সামনে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ ওঠে। পরে বিজেপির গিধনী মণ্ডলের সভাপতি ভবেশ বেরা ঘটনাস্থলে গিয়ে পতাকা খুলে দেন।
তিনি বলেন, “রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী এই কাজ করেছে। সেটি আমাদের পার্টি অফিস নয়। আমরা নিজেরাই পতাকা সরিয়ে দিয়েছি।”
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো