
জৌনপুর, ৬ মে ( হি.স.): উত্তর প্রদেশের জৌনপুর জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক দুষ্কৃতী গুলিবিদ্ধ হয়ে গ্রেফতার হয়েছে। তার এক সঙ্গী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি বুধবার জালালপুর থানার অন্তর্গত এলাকায় ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম অঙ্কিত যাদব। সে সরাই খাজা থানার বাহাউদ্দিনপুর গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে একটি .৩১৫ বোরের পিস্তল, একটি ব্যবহৃত কার্তুজ ও একটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বুধবার ডিঙ্গুরপুর ক্যানেল রোডে টহলদারির সময় ভাউপুর দিক থেকে আসা একটি সন্দেহজনক বাইককে থামার নির্দেশ দেওয়া হয়। তখন বাইকে থাকা দুই দুষ্কৃতী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।
আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। এতে এক দুষ্কৃতী গুলিবিদ্ধ হয়। পালানোর চেষ্টা করতে গিয়ে বাইকের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং পেছনে বসা দুষ্কৃতী মাটিতে পড়ে যায়। পুলিশ তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে। তবে বাইকচালক সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক