
নয়াদিল্লি, ৬ মে (হি. স.): বুধবার ভারতীয় শেয়ার বাজারে ব্যাপক উত্থান লক্ষ্য করা গেল। এদিন সকাল থেকেই বাজার ছিল ঊর্ধ্বমুখী। দিনভর ওঠানামা চললেও শেষ পর্যন্ত সেনসেক্স এবং নিফটি—উভয় সূচকই বড় অঙ্কের মুনাফা নিয়ে বন্ধ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণাকে কেন্দ্র করে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমতেই লগ্নিকারীদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়।
এদিন সেনসেক্স ৪০৬.৫৭ পয়েন্ট বেড়ে ৭৭,৪২৪.৩৬ স্তরে খোলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একসময় তা ৯০০ পয়েন্টের বেশি পড়ে গেলেও দুপুরের পর নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত সেনসেক্স ৯৪০.৭৩ পয়েন্ট বা ১.২২ শতাংশ বেড়ে ৭৭,৯৫৮.৫২ পয়েন্টে থিতু হয়। একইভাবে নিফটিও ২৯৮.১৫ পয়েন্ট বা ১.২৪ শতাংশ বেড়ে ২৪,৩৩০.৯৫ পয়েন্টে বন্ধ হয়েছে।
বাজারের এই অভাবনীয় তেজিভাবে মাত্র এক দিনেই বিনিয়োগকারীদের সম্পদের পরিমাণ ৬.৫১ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) তালিকাভুক্ত সংস্থাগুলোর বাজার মূলধন গতদিনের ৪৬৬.৫১ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে এদিন ৪৭৩.০২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজগুলোর সুরক্ষায় নিয়োজিত নৌ-অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা আসতেই আমেরিকা ও ইরানের মধ্যে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত পাওয়া যায়। এর ফলে বিশ্ব বাজারে তেলের দামে পতন ঘটে, যা ভারতীয় বাজারের জন্য ইতিবাচক সংকেত হিসেবে কাজ করেছে।
এদিন মূলত ব্যাংকিং, গাড়ি নির্মাণ এবং স্বাস্থ্য পরিষেবা খাতের শেয়ারগুলোতে ব্যাপক কেনাবেচা হয়েছে। মুনাফা অর্জনের নিরিখে প্রথম সারিতে ছিল ইন্টার গ্লোব এভিয়েশন, শ্রীরাম ফিন্যান্স এবং এশিয়ান পেন্টস। অন্যদিকে, ওএনজিসি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং পাওয়ার গ্রিডের মতো শেয়ারগুলো কিছুটা ক্ষতির মুখ দেখেছে। বিএসই-তে লেনদেন হওয়া ৪,৩৯৪টি শেয়ারের মধ্যে ২,৮৬২টি শেয়ার লাভের মুখ দেখেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি