
কলকাতা, ৯ মে (হি. স.): বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে রাজনৈতিক অশান্তি ও হিংসার খবর উঠে আসছে। তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের ওপর হামলা, মারধর এবং বাড়িঘর ভাঙচুরের মতো একাধিক অভিযোগ সামনে এসেছে। এই কঠিন পরিস্থিতিতে দলের কর্মীদের মনোবল অটুট রাখতে এবং তাঁদের পাশে দাঁড়াতে বিশেষ বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার দলের কর্মীদের উদ্দেশে এক বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি তৃণমূলের প্রতিটি সমর্থক ও কর্মীকে আহ্বান জানাচ্ছি, এই কঠিন সময়ে আপনারা মনোবল অটুট রাখুন এবং ঐক্যবদ্ধ থাকুন।”
আক্রান্ত কর্মীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যদি কোনো কর্মী বা সমর্থক হিংসা, ভীতি প্রদর্শন কিংবা হুমকির শিকার হন, তবে তাঁরা যেন সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, আক্রান্তরা যেন তাঁদের বিস্তারিত তথ্য তাঁর সঙ্গে শেয়ার করেন অথবা সরাসরি তাঁকে মেসেজ করে বিষয়টি জানান।
হিন্দুস্থান সমাচার / সোনালি