
কলকাতা, ৯ মে (হি. স.) : পশ্চিমবঙ্গের ভাবি শিক্ষামন্ত্রীকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সমস্ত পাঠ্যপুস্তক বর্জনের আর্জি জানালেন প্রবীন শিক্ষাবিদ তথা প্রাক্তন উপাচার্য ডঃ পবিত্র সরকার।
শনিবার তিনি সামাজিক মাধ্যমে এই আবেদন জানিয়েছেন। তিনি লেখেন, “আমি জানি না, এর মধ্যে পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী হিসেবে কেউ চিহ্নিত হয়েছেন কি না। যিনিই হন, তাঁকে বলব, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সমস্ত পাঠ্যপুস্তকগুলোকে বর্জন করে নতুন, বিজ্ঞানসম্মত পাঠ্যপুস্তক যেন প্রস্তুত করা হয়।
এটা তো এক দিক। অন্য দিকে বন্ধ স্কুল খোলা, স্কুলে প্রয়োজনমতো বিষয়ের শিক্ষক দেওয়া, ল্যাবরেটরি ইত্যাদির সহায়তা দেওয়া--দুর্নীতির সমস্ত রন্ধ্র বন্ধ করা--এ সবও করতে হবে। প্রত্যাশা তো রইল, তা কতটা পূরণ হবে দেখার।
শিক্ষা নিয়ে, ডিগ্রি উপার্জন করে আমাদের সন্তানেরা কী করবে, সেটাই তো বড় প্রশ্ন।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত