
হুগলি , ৯ মে (হি.স.) : আরামবাগ পৌরসভা এলাকায় বেআইনিভাবে সাবমারসিবল পাম্প বসানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। ঘটনাটি শনিবার আরামবাগ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ঘটেছে। অভিযোগ, শেখ সুরাজ নামে এক ব্যক্তি কোনও বৈধ অনুমতি ছাড়াই একটি সাবমারসিবল পাম্প বসানোর কাজ শুরু করেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপি নেতা-কর্মীরা। তাঁরা ওই কাজের বিরোধিতা করে বিক্ষোভ দেখান।
বিজেপি নেতৃত্বের দাবি, নিয়ম না মেনে এভাবে সাবমারসিবল পাম্প বসানো হলে এলাকায় ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে ভবিষ্যতে সাধারণ মানুষ জলসংকটে পড়তে পারেন বলেও তাঁদের দাবি।
ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজেপির পক্ষ থেকে প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
যদিও অভিযুক্ত শেখ সুরাজের পক্ষ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA