অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা
কলকাতা, ৯ মে (হি. স.) : দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অষ্টাদশ বিধানসভায় নিজেদের পরিষদীয় দলের নেতা নির্বাচন করল তৃণমূল কংগ্রেস। শনিবার রাতে দলীয় স্তরে ঘোষণা করা হয়েছে যে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়ক তথা বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ
অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা


কলকাতা, ৯ মে (হি. স.) : দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অষ্টাদশ বিধানসভায় নিজেদের পরিষদীয় দলের নেতা নির্বাচন করল তৃণমূল কংগ্রেস। শনিবার রাতে দলীয় স্তরে ঘোষণা করা হয়েছে যে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়ক তথা বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করবেন। ৮০টি আসন পেয়ে এই মুহূর্তে বিধানসভায় দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে তৃণমূল কংগ্রেস।

বিরোধী দলনেতা হিসেবে নাম ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় শোভনদেব চট্টোপাধ্যায় জানান, আগামী দিনে শাসক পক্ষের মোকাবিলা এবং কার্যকর ‘ফ্লোর ম্যানেজমেন্ট’-এর ওপর তিনি বিশেষ গুরুত্ব দেবেন। মূলত শাসক ও বিরোধী শিবিরের মধ্যে সমন্বয় রক্ষা করে বিধানসভার কাজ এগিয়ে নিয়ে যেতে তিনি সচেষ্ট হবেন বলে জানিয়েছেন এই অভিজ্ঞ রাজনীতিক।

পরিষদীয় দলে শোভনদেব চট্টোপাধ্যায়ের সহযোদ্ধা হিসেবে ডেপুটি লিডার বা উপনেতা পদে মনোনীত হয়েছেন অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বিরোধী দলের মুখ্য সচেতক হিসেবে গুরুদায়িত্ব সামলাবেন ফিরহাদ হাকিম।

শনিবার রাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টের মাধ্যমে এই চারজন বিধায়কের নাম ও তাঁদের নতুন দায়িত্বের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। নতুন সরকারের মোকাবিলায় অভিজ্ঞ ও দক্ষ মুখদের সামনে রেখেই যে তৃণমূল তাদের পরিষদীয় রণকৌশল সাজাচ্ছে, এই ঘোষণা তারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande