
কলকাতা, ৯ মে (হি. স. ) : বিজেপি-বিরোধী দলগুলির জাতীয় স্তরের নেতৃত্বেরা যে ইতিমধ্যে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। শনিবার সে কথা মনে করিয়ে বিজেপি-কে বার্তা দিলেন সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কালীঘাটে তাঁর বাড়িতে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে সমবেতদের উদ্দেশে তিনি বলেন, “সনিয়াজি, রাহুল গান্ধী, খড়্গেজি কথা বলেছেন। উদ্ধব ঠাকরে, তেজস্বী মেসেজ পাঠিয়েছেন। অখিলেশ নিজে এসে ঘুরে গিয়েছেন। এ ছাড়াও হেমন্ত সোরেন থেকে শুরু করে কেউ বাকি নেই।
মমতা জানান, অরবিন্দ বলেছে, ‘আমি নিজে জীবনে এত কষ্ট পাইনি, যখন আমি নিজেও হেরেছি।’ এটা হারানো হয়েছে। আমি তাঁদের সকলকে মিটিং থেকে কৃতজ্ঞতা জানাই।”
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়ী বিজেপি। তৃণমূল জয়ী ৮০টি আসনে। রাজ্যের বিধানসভা আসনের সংখ্যা ২৯৪ হলেও ফলতায় পুনর্নির্বাচন হচ্ছে। সে কারণে ২৯৩টি আসনে ভোটগণনা হয়েছে। তার মধ্যে কংগ্রেস দু’টি, সিপিএম একটি, আইএসএফ একটি এবং আমজনতা উন্নয়ন পার্টি (এজেইউপি) দু’টি আসনে জয়ী হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত