
পাটনা, ৯ মে (হি.স.) : বিহারের সমস্তিপুর রেল ডিভিশনের অন্তর্গত বৈশালী জেলার সারাই রেলওয়ে স্টেশন-এর ৪৩ নম্বর রেলগেটে বেআইনিভাবে সিসি ক্যামেরা লাগানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর রেল কর্তৃপক্ষ ও রেলওয়ে প্রটেকশন ফোর্স (আরপিএফ)-এর মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।
শনিবার স্টেশন সুপারিনটেনডেন্ট মনোজ কুমার সিং জানিয়েছেন, গত ৭ মে দুপুর প্রায় ২টো নাগাদ ৪৩ নম্বর রেলগেটে কর্তব্যরত গেটম্যান সন্তোষ কুমার তাঁকে জানান, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি পশ্চিম দিকের হাইট গেজ পোলের উপর একটি সিসি ক্যামেরা লাগিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট বিষয়টি আরপিএফ-কে জানান। এরপর আরপিএফ আধিকারিকদের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রায় ১০ ফুট উঁচুতে হাইট গেজের পশ্চিম দিকের পোলের উপর একটি ছোট ক্যামেরা ও সৌর প্যানেল বসানো রয়েছে।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে আরপিএফের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়। তদন্তে জানা যায়, রেলের কোনও অনুমতি ছাড়াই বেআইনিভাবে ওই ক্যামেরা বসানো হয়েছিল।
এরপর ৮ মে গভীর রাতে সাক্ষীদের উপস্থিতিতে ওই যন্ত্র বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল একটি সৌরচালিত স্ট্যান্ড ক্যামেরা, যাতে অ্যাক্টিভ পিক্সেল পরিচিতি নম্বর, আইএমইআই নম্বর, জিও সংস্থার সিম কার্ড এবং ৩২ জিবি মাইক্রো এসডি কার্ড লাগানো ছিল। এছাড়াও প্রায় ১০×৬ ইঞ্চির একটি ছোট সৌর প্যানেলও উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় রেল পুলিশ সুপার ভীনা কুমারী জানিয়েছেন, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। সন্দেহভাজনদের পরিচয় ও ক্যামেরা বসানোর উদ্দেশ্য জানতে আরপিএফ-সহ একাধিক সংস্থা তদন্তে নেমেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য