
নয়াদিল্লি, ৯ মে (হি.স.) : বিহার লোকসেবা কমিশনের (বিপিএসসি) শিক্ষক নিয়োগের চতুর্থ পর্যায়ের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে পাটনায় আন্দোলনরত চাকরিপ্রার্থীদের উপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, বেকার যুবকদের দাবি শোনার বদলে সরকার তাদের উপর বলপ্রয়োগ করছে।
শনিবার সামাজিক মাধ্যমের একটি ভিডিও পোস্ট করে রাহুল গান্ধী বলেন, “নিজেদের কর্মসংস্থানের অধিকার দাবি করে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষক নিয়োগ প্রার্থীদের বিহার পুলিশ আবারও নির্মমভাবে পিটিয়েছে। বেকার যুবকদের প্রতি বিজেপির উত্তর শুধুই লাঠি।”
তিনি অভিযোগ করে আরও লেখেন, “আজ ভারতের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব এবং এর সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ছে বিহার ও উত্তর প্রদেশের যুবকদের উপর। লক্ষ লক্ষ যুবক ডিগ্রি ও যোগ্যতা হাতে নিয়েও চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু বিজেপি সরকারের কাছে তাঁদের জন্য কোনও ভাবনা নেই।”
রাহুল আরও বলেন, “যখন যুবকরা নিজেদের অধিকার ও চাকরির দাবিতে রাস্তায় নামছে, তখন তাঁদের হাতে চাকরি নয়, পিঠে লাঠি তুলে দেওয়া হচ্ছে।” কেন্দ্র ও বিজেপি সমর্থিত রাজ্য সরকারগুলির বিরুদ্ধে দমনমূলক মনোভাবের অভিযোগও তোলেন তিনি।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেন, দেশের যুবসমাজ বিজেপির “মিথ্যা প্রতিশ্রুতি”-তে অতিষ্ঠ হয়ে উঠেছে এবং তারা আর চুপ করে বসে থাকবে না। যুবকদের অধিকার ও কর্মসংস্থানের লড়াইয়ে কংগ্রেস সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, বিপিএসসি শিক্ষক নিয়োগের চতুর্থ পর্যায়ের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী পাটনায় আন্দোলনে শামিল হয়েছিলেন। সেই সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে এবং পরে লাঠিচার্জের ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে বিহারের রাজনীতিও সরগরম হয়ে উঠেছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য