
চেন্নাই, ৯ মে (হি.স.) : তামিলনাড়ুর রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটল। অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেল অভিনেতা-রাজনীতিক বিজয়ের দল তামিলগা ভেটরি কাঝগম (টিভিকে)। শনিবার বিদুথলাই চিরুথিগল কাচি (ভিসিকে) নিঃশর্ত সমর্থনের ঘোষণা করতেই মুখ্যমন্ত্রী হওয়ার পথ কার্যত পরিষ্কার হয়ে গেল বিজয়ের।
এবারের বিধানসভা নির্বাচনে প্রথমবার লড়েই ১০৮টি আসনে জয় পেয়ে চমক দেয় টিভিকে। ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮ জন বিধায়কের সমর্থন। শুরুতে সেই সংখ্যা থেকে কিছুটা পিছিয়ে ছিল বিজয়ের দল।
ফল ঘোষণার পর প্রথমে কংগ্রেস তাদের পাঁচ বিধায়কের সমর্থন ঘোষণা করে। এরপর সিপিআই ও সিপিআই(এম)-এর দুইজন করে বিধায়কও টিভিকেকে সমর্থন জানায়। তাতে টিভিকের পক্ষে সমর্থনের সংখ্যা দাঁড়ায় ১১৭।
এরপর গোটা রাজ্যের নজর ছিল ভিসিকের দিকে। শনিবার দলের গুরুত্বপূর্ণ বৈঠকের পর ভিসিকে আনুষ্ঠানিকভাবে টিভিকেকে নিঃশর্ত সমর্থনের চিঠি দেয়। দলের দুই বিধায়কের সমর্থনে টিভিকের পক্ষে সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১৮, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার।
কংগ্রেস, বাম দল এবং ভিসিকে প্রধান থোল থিরুমাভলভনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিভিকে নেতা অর্জুন। তিনি বলেন, “বিজয় মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। খুব শীঘ্রই নতুন সরকার গঠিত হবে।”
এদিকে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এনে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) প্রথমে সমর্থন না দিলেও পরে টিভিকের পাশে দাঁড়ায়। ফলে টিভিকের সমর্থনকারী বিধায়কের সংখ্যা বেড়ে ১২০-এ পৌঁছেছে।
উল্লেখ্য, তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর বিজয়কে ১০ মে-র মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সময় দিয়েছিলেন। গত কয়েক দিনে একাধিকবার রাজ্যপালের সঙ্গে দেখা করে সমর্থনপত্র জমা দেন বিজয়। অবশেষে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত হওয়ায় খুব শীঘ্রই তিনি ফের রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি পেশ করবেন।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য