
হুগলি , ৯ মে (হি.স.) : খানাকুলে ফের ভোট-পরবর্তী হিংসার অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, এক মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীর উপর হামলা চালানো হয়েছে। আক্রান্ত ওই মহিলা পেশায় ফুচকা বিক্রেতা বলে জানা গিয়েছে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, শনিবার এলাকায় ফুচকা বিক্রি করতে গেলে স্থানীয় বিজেপি নেতা কার্তিক ঘোড়া ওই মহিলার উপর চড়াও হন। তাঁকে মারধর করার পাশাপাশি তাঁর ফুচকার বাক্সও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায় দাবি করেন, “ভোটের ফল প্রকাশের পর থেকেই বিরোধী কর্মী-সমর্থকদের উপর লাগাতার অত্যাচার চালানো হচ্ছে। আজ একজন গরিব ফুচকা বিক্রেতা মহিলাকেও রেহাই দেওয়া হয়নি। থানায় অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”
অন্যদিকে বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA