
কলকাতা, ৯ মে (হি. স.) : জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে পৌঁছে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঝটিকা সফরে তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক তাপস রায়, ড. শঙ্কর ঘোষ ও জগন্নাথ চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সভাপতি তুষার সিং রায় প্রমুখ।উল্লেখ্য, দক্ষিণ কলকাতার চক্রবেড়িয়ায় অবস্থিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই পৈতৃক বাড়িতে গিয়ে এদিন তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতেও শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে সেখানে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপচে পড়া ভিড় ছিল। সংক্ষিপ্ত বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, “তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই মূলত এখানে আসা। এর জন্য আমি গর্বিত।”সূত্রের খবর, এরপর ভারত সেবাশ্রম সঙ্ঘ এবং কালীঘাট মন্দিরেও যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। সবশেষে নতুন মুখ্যমন্ত্রীর কনভয় ছুটে চলবে নন্দীগ্রামের পথে। সেখানে নিজের বাড়িতে ফিরে মা ও বাবার সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের প্রণাম ও আশীর্বাদ নেবেন বাংলার নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত