কেরলমের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে খাড়গে-রাহুলের বৈঠক, শিগগিরই নাম ঘোষণা
নয়াদিল্লি, ৯ মে (হি.স.) : কেরলমের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠক শনিবার রাতের দিকে শেষ হয়েছে। বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেখানে মুখ্য
কেরলমের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে খাড়গে-রাহুলের বৈঠক, শিগগিরই নাম ঘোষণা


নয়াদিল্লি, ৯ মে (হি.স.) : কেরলমের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠক শনিবার রাতের দিকে শেষ হয়েছে। বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ও কেরলমের কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। খুব শিগগিরই মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করে ঘোষণা করবে কংগ্রেস হাইকমান্ড।

বৈঠক শেষে কংগ্রেস নেতা দীপা দাসমুন্সি সাংবাদিকদের জানান, বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি বলেন, উপস্থিত সব নেতা মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর সঙ্গে আলাদা আলাদা এবং যৌথভাবে আলোচনা করেন। দুই নেতাই সকলকে দিকনির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, গত দুই-তিন দিনে কেরলমের কিছু কর্মীর অতিরিক্ত উৎসাহের কারণে কিছু শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটেছে, যা কংগ্রেসের সংস্কৃতির অংশ নয়। তিনি কর্মীদের এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান। তার মতে, জনগণ দলকে বিপুল জনাদেশ দিয়েছে এবং সেই জনাদেশের মর্যাদা রক্ষা করাই নেতৃত্বের লক্ষ্য।

দীপা দাসমুন্সি জানান, মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই দলীয় হাইকমান্ড নেবে। এর আগে কংগ্রেস বিধানসভা দল এক লাইনের প্রস্তাব পাস করে মুখ্যমন্ত্রী নির্বাচনের দায়িত্ব হাইকমান্ডের ওপর ন্যস্ত করেছে।

বৈঠকে কেসি বেণুগোপাল, কেরলমের বিধানসভার বিরোধী দলনেতা ভিডি সতীশন, প্রবীণ নেতা রমেশ চেন্নিথলা, কেরলম প্রদেশ কংগ্রেস সভাপতি সানি জোসেফ, এআইসিসি পর্যবেক্ষক মুকুল ওয়াসনিক ও অজয় মাকেনসহ একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে কেসি বেণুগোপাল, ভিডি সতীশন ও রমেশ চেন্নিথলার নাম নিয়ে আলোচনা হয়েছে। মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী আলাদা করে তিনজনের সঙ্গেই কথা বলেন এবং পরে একসঙ্গে বসেও আলোচনা করা হয়।

এর আগে এআইসিসি পর্যবেক্ষকরা কেরলমের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে মতবিনিময় করে তাদের মতামত সংগ্রহ করেন এবং রিপোর্ট জমা দেন কংগ্রেস সভাপতির কাছে।

উল্লেখ্য, কেরলম বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ১৪০টির মধ্যে ১০২টি আসন পেয়েছে, যার মধ্যে কংগ্রেস একাই ৬৩টি আসনে জয়ী হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande