
নয়াদিল্লি, ১৩ জুন (হি. স. ) : “একটি সভ্য দেশে কারও লিঙ্গ বা ধর্ম তার ভয়ের কারণ হওয়ার কথা নয়। কিন্তু যে অসভ্য সমাজে নারীবিদ্বেষ এবং সাম্প্রদায়িক বিদ্বেষ স্বাভাবিক হয়ে ওঠে, সেখানে নারী ও সংখ্যালঘু অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতার মধ্যে জীবন কাটাতে বাধ্য হয়।” শনিবার সামাজিক মাধ্যমে একথা লিখলেন দেশান্তরী লেখিকা তসলিমা নাসরিন।
তিনি লিখেছেন, “বাংলাদেশে নারীবিদ্বেষীদের মধ্যে নারীকে বেঁচে থাকতে হয়। হিন্দুবিদ্বেষীদের মধ্যে হিন্দুকে বেঁচে থাকতে হয়। রাস্তা-ঘাটে, হাটে-মাঠে, অফিসে-আদালতে, গ্রামে-শহরে, জলে-স্থলে—কোথাও তাদের নিরাপত্তা নেই।
নারী হওয়ার কারণে নারী অনিরাপদ, সংখ্যালঘু হওয়ার কারণে হিন্দু অনিরাপদ। একজনকে তার লিঙ্গের জন্য, অন্যজনকে তার ধর্মের জন্য বৈষম্য, নিপীড়ন আর সহিংসতার ঝুঁকি নিয়ে প্রতিদিন বাঁচতে হয়।
আমি নারী বলেই 'লজ্জা' আর 'ফেরা' লিখতে পেরেছি। নারী বলে আমি জানি অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতা কাকে বলে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত