
কলকাতা, ১৪ জুন (হি স)। ডিমকাণ্ডে ভরপুর সংবাদের বাজারে ডিম নিক্ষেপকারীদের সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ঠিক সেসময় ডিম-নিক্ষেপের পক্ষে সওয়াল করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এক পা এগিয়ে অনুরোধ করেছেন, “ভাল ডিম বা টমেটো ছুঁড়বেন না, ডিমপট্টি থেকে বোমপচা ডিম এনে ছুঁড়ুন।”
তিনি লিখেছেন, “আমার যতদূর জানা আছে, ডিম বা টমেটো ছোঁড়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধিতে বা ন্যায় সংহিতাতে কোন নিষেধাজ্ঞা নেই। প্রশ্নটি সোশাল মিডিয়াতে রাখা সত্ত্বেও কোন জবাব পাওয়া যায় নি। অতএব যাঁরা চান তাঁরা মনের আনন্দে ডিম বা টমেটো ছুঁড়ুন। তবে অনুরোধ, ভাল ডিম বা টমেটো ছুঁড়বেন না, ডিমপট্টি থেকে বোমপচা ডিম এনে ছুঁড়ুন।”
উল্লেখ্য, রবিবার সকালের এই পোস্টে রাত ৮ টায় প্রতিক্রিয়া ও শেয়ার হয়েছে যথাক্রমে ৫০১ ও ২১৯। অনেকে তাঁর বক্তব্যে সমর্থন জানিয়েছেন| আবার অনেকে বিরোধিতাও করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত