
নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.) : ওমান উপকূলে বিপদের মুখে পড়া ভারতীয় পতাকাবাহী জাহাজ ‘এমএসভি বিরাট-১’-এর সব ১৪ জন নাবিককে সফল উদ্ধার অভিযানে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। রবিবার ভারতীয় দূতাবাস জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকরা বর্তমানে ‘জাবাল আলি-৯’ জাহাজে রয়েছেন এবং মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন।
মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস রবিবার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ জানায়, দীর্ঘ সমন্বিত সামুদ্রিক অভিযানের পর সব নাবিককেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। দূতাবাসের দাবি, উদ্ধার হওয়া প্রত্যেক নাবিক সুস্থ রয়েছেন।
এর আগে উদ্ধার অভিযানের প্রথম পর্যায়ে ১১ জন নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে বাকি তিন জনকেও উদ্ধার করে একই জাহাজে স্থানান্তর করা হয়। পুরো অভিযান জুড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখে ভারতীয় দূতাবাস।
এদিকে, পৃথক এক ঘটনায় এমটি সেলেস্টিয়াল জাহাজে চিকিৎসাজনিত কারণে মৃত্যু হওয়া ভারতীয় নাগরিক নিশান্ত উর্থনাথন-এর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগও শুরু হয়েছে। দূতাবাস জানিয়েছে, জাহাজটি শীঘ্রই ওমানের দুক্ম বন্দরে পৌঁছাবে। সেখানে মরদেহ নামিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত ভারতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
ভারতীয় দূতাবাস আরও জানিয়েছে, স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট শিপিং সংস্থার সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে। পাশাপাশি মৃতের পরিবারের সঙ্গেও যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য