
লখনউ, ১৪ জুন (হি.স.) : উত্তর প্রদেশে দ্রুত বিস্তার ঘটছে রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (আরপিআই)-এর সাংগঠনিক ভিত্তির। শোষিত, বঞ্চিত ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় দল আরও সক্রিয় ভূমিকা নেবে বলে জানালেন আরপিআইয়ের জাতীয় সভাপতি তথা কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ রামদাস আঠাওয়ালে।
রবিবার লখনউয়ের সিডকো ভবনে দলের উত্তর প্রদেশ শাখার এক পর্যালোচনা বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ডঃ রামদাস আঠাওয়ালে বলেন, উত্তর প্রদেশে রিপাবলিকান পার্টি পূর্ণ শক্তি নিয়ে রাজনৈতিক ও সামাজিক লড়াই চালিয়ে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠাই দলের প্রধান লক্ষ্য।
এই বৈঠকে উত্তর প্রদেশের বিভিন্ন জেলা থেকে আসা দলীয় পদাধিকারী ও কর্মীরা অংশ নেন। সংগঠনের সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাজ্য সভাপতি পবন ভাই গুপ্তর নেতৃত্বের প্রশংসা করে আঠাওয়ালে বলেন, তাঁর নেতৃত্বে উত্তর প্রদেশে দলের সংগঠন দ্রুত শক্তিশালী হচ্ছে। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলার ফলে জেলা, ব্লক ও তহসিল স্তরে দলের ভিত মজবুত হয়েছে।
দলীয় কর্মীদের উদ্দেশে আঠাওয়ালের বার্তা, “জেলা, তহসিল, ব্লক এবং গ্রাম স্তরে নিষ্ঠার সঙ্গে কাজ করলে ইতিবাচক ফল মিলবেই।” তিনি জনস্বার্থের বিভিন্ন ইস্যু নিয়ে মানুষের কাছে পৌঁছনোর এবং নিয়মিত জনসভা করারও আহ্বান জানান।
বৈঠকে সংগঠনকে আরও শক্তিশালী করতে বুথস্তর পর্যন্ত সদস্য সংগ্রহ অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সভাপতি পবন ভাই গুপ্ত আশ্বাস দেন, ডঃ আঠাওয়ালের ভাবনাকে বাস্তবে রূপ দিতে এবং উত্তর প্রদেশে শোষিত সমাজের অধিকার রক্ষায় দল সম্পূর্ণ দায়বদ্ধ থাকবে।
বৈঠকে উপস্থিত পদাধিকারীরা আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারও করেন।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য