
কলকাতা, ১৪ জুন (হি. স.) : বেঙ্গল টি - ২০ লিগে জয় কলকাতা ও শিলিগুড়ির মহিলা দলের। রবিবার বেঙ্গল টি - ২০ লিগের মহিলাদের বিভাগে জয় পেল কলকাতা রয়্যাল টাইগার্স এবং সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। দিনের দ্বিতীয় ম্যাচে জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল শিলিগুড়ি। অন্যদিকে, প্রতিযোগিতায় প্রথম জয়ের স্বাদ পেল কলকাতা।
সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মুর্শিদাবাদ কুইন্স। প্রথমে ব্যাট করে কলকাতা রয়্যাল টাইগার্স ৩ উইকেটে ১৩৫ রান তোলে। দলের হয়ে সর্বাধিক - ৭১ রানে অপরাজিত থাকে অধিনায়ক মিতা পাল। মুর্শিদাবাদের হয়ে জাহ্নবী রাজ পাসোয়ান, সুস্মিতা পাল ও প্রতিভা রানা একটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২১ রানেই থেমে যায় মুর্শিদাবাদ। সুস্মিতা পালের ৩৫ রান সত্ত্বেও দলকে জয় এনে দিতে পারেননি তিনি। কলকাতার দেবস্মিতা খালসা ও তৃষিতা সরকার দুটি করে উইকেট নেয়।
দিনের দ্বিতীয় ম্যাচে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স ৫১ রানে হারায় শ্রাচী রাঢ় টাইগার্সকে। প্রথমে ব্যাট করে শিলিগুড়ি ৮ উইকেটে ১৩৬ রান তোলে। প্রিয়াঙ্কা বালার ৫১ রানের ইনিংসটি ছিল দিনের উল্লেখযোগ্য। এর জবাবে রাঢ় টাইগার্স ১৬.৪ ওভারে মাত্র ৮৫ রানে অলআউট হয়ে যায়। শিলিগুড়ির স্নেহা গুপ্ত ও রোশনী খাতুন দুটি করে উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত