
ওয়াশিংটন, ১৫ জুন (হি.স.): যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে দুই দেশ একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বলে দাবি করেছেন আমেরিকা ও ইরানের কর্মকর্তারা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও মধ্যস্থতার মাধ্যমে সমঝোতা হওয়ার কথা ঘোষণা করেছেন। আগামী শুক্রবার সুইৎজারল্যান্ডে চুক্তি সই হওয়ার কথা।
সমঝোতা অনুযায়ী, সোমবার রাত থেকে ইরান-সম্পর্কিত সব সামরিক অভিযান বন্ধ হবে। তবে ইরানের পরমাণু কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে ৬০ দিনের যুদ্ধবিরতির মধ্যে ফের আলোচনা হবে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার পরে আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যেই তেলের দাম কমেছে। তবে সমঝোতা নিয়ে এখনও ইজরায়েলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। ইজরায়েল-হিজবুল্লা সংঘাত এবং ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনা এখনও বাকি রয়েছে।
‘ট্রুথ সোশ্যাল’-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোস্ট করেছেন, ইসলামিক রিপাবলিক অফ ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন হয়েছে। সবাইকে অভিনন্দন। আমি এতদ্দ্বারা হরমুজ প্রণালী অবাধে চলাচলের জন্য খুলে দেওয়ার এবং একই সঙ্গে মার্কিন নৌ-অবরোধ অবিলম্বে প্রত্যাহারের অনুমোদন দিচ্ছি। বিশ্বের সকল জাহাজ, ইঞ্জিন চালু করুন। তেলের প্রবাহ শুরু হোক!
ট্রাম্প দাবি করেছেন, এই বিরাট চুক্তিটি পুরো অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বয়ে আনবে। অনেক প্রেসিডেন্টই ইরানের সঙ্গে শান্তি স্থাপনের চেষ্টা করেছেন, কিন্তু আমার আগে সবাই ব্যর্থ হয়েছেন। এই অঞ্চলের নেতারা প্রথমবারের মতো এমন একজন প্রেসিডেন্টকে পেয়েছেন যিনি প্রকৃত শান্তি অর্জনে তাদের সহায়তা করতে পারেন। শুক্রবার চুক্তি স্বাক্ষরের পর মাইন অপসারণের উদ্দেশ্যে প্রণালীটি খুলে দেওয়া হলে, এই অঞ্চল ও সমগ্র বিশ্বের জন্য উভয় প্রান্ত দিয়েই পুনরায় তেলের প্রবাহ শুরু হবে!
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ