‘কল্কি ২’-এ আলিয়া ভাট, জোরদার জল্পনা
মুম্বই, ১৬ জুন (হি.স.) : প্রভাস অভিনীত সুপারহিট ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই হায়দরাবাদে শুরু হয়েছে ‘কল্কি ২’-এর শুটিং। এরই মাঝে ছবিকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে বলিউডে। শোনা যাচ্ছে, এই ছবির গুরুত্বপূ
‘কল্কি ২’-এ আলিয়া ভাট! জোরদার জল্পনা বলিউডে


মুম্বই, ১৬ জুন (হি.স.) : প্রভাস অভিনীত সুপারহিট ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই হায়দরাবাদে শুরু হয়েছে ‘কল্কি ২’-এর শুটিং। এরই মাঝে ছবিকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে বলিউডে। শোনা যাচ্ছে, এই ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী আলিয়া ভাটকে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছবির দ্বিতীয় দফার শুটিংয়ে অংশ নিয়ে হায়দরাবাদে প্রায় পাঁচ দিনের শুটিংও সম্পন্ন করেছেন আলিয়া। ছবির গল্পে তাঁর চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই জানা গিয়েছে। তবে তিনি যে দীপিকা পাড়ুকোন অভিনীত জনপ্রিয় চরিত্র ‘সুমতি’-র জায়গা নিচ্ছেন না, তা স্পষ্ট করা হয়েছে।

অন্যদিকে, সিক্যুয়েলে দীপিকা পাড়ুকোনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ‘সুমতি’ চরিত্রে সাই পল্লবী-র নামও শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও কোনও ঘোষণা হয়নি।

পরিচালক নাগ অশ্বিন-এর পরিচালনায় তৈরি হচ্ছে ‘কল্কি ২’। ছবিটি প্রযোজনা করছে বৈজয়ন্তী মুভিজ। সিক্যুয়েলেও প্রভাস, অমিতাভ বচ্চন এবং কমল হাসান তাঁদের আগের চরিত্রেই ফিরছেন বলে জানা গিয়েছে।

প্রথম ছবির বিপুল সাফল্যের পর ‘কল্কি ২’ ঘিরে দর্শকদের প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছে। নির্মাতাদের লক্ষ্য ২০২৭ সালের ডিসেম্বর মাসে ছবিটি মুক্তি দেওয়া। তার আগে ছবির কাস্টিং ও গল্প নিয়ে একের পর এক জল্পনা সিনেমাপ্রেমীদের কৌতূহল আরও বাড়িয়ে তুলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande