
গুয়াহাটি, ১৬ জুন (হি.স.) : গুজরাটের আহমেদাবাদে অবস্থিত বীর সাভারকর ক্রীড়া প্রকল্পে আজ মঙ্গলবার ৭৯-তম সিনিয়র জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেছেন অসমকন্যা আস্থা চৌধুরী।
দেশের বিভিন্ন রাজ্যের শীর্ষস্থানীয় সাঁতারুরা অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রথম দিনেই উচ্চমানের উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ ছিল। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় ইভেন্ট মহিলা ২০০ মিটার বাটারফ্লাইয়ে অসমের প্রতিভাবান সাঁতারু আস্থা চৌধুরী অসাধারণ পারফরম্যান্স করে স্বর্ণপদক জয় করে রাজ্যের জন্য গৌরব বয়ে এনেছেন। ২:১৮.৩৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন আস্থা।
এই সাফল্যে অসমের ক্রীড়া মহলে আনন্দের জোয়ার বইছে। আস্থার বাবা রূপম চৌধুরী এবং মা মণিকা চিরিং চৌধুরীর জ্যেষ্ঠ কন্যার এই সাফল্যে অসম সাঁতার সংস্থার সাধারণ সম্পাদক ভাস্কর রঞ্জন দাস এবং প্রচারসচিব মুকুটেশ্বর গোস্বামী তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
তাঁরা আশা প্রকাশ করেন, আগামী দিনে আস্থা এশিয়ান গেমস ও অলিম্পিকের মতো বৃহৎ আন্তর্জাতিক মঞ্চে অসম ও ভারতকে প্রতিনিধিত্ব করবেন আস্থা। অসমের ক্রীড়া ইতিহাসে আস্থার এই স্বর্ণজয় একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, বলেন মুকুটেশ্বর গোস্বামী।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস