
কলকাতা, ১৬ জুন (হি.স.): দুই দফায় এগিয়ে গিয়েও নিউ জিল্যান্ড জিততে পারল না, ঘুরে দাঁড়িয়ে সমতায় শেষ করল ইরান। সোমবার রাতে লস অ্যাঞ্জেলেসে বিশ্বকাপের ‘জি’ গ্রুপের এই রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে শেষ হয়েছে।
নিউ জিল্যান্ডের দুটি গোলই করেন ইলাইজা জাস্ট। ইরানের প্রথম গোলটি করেন ম্যাচজুড়ে দারুণ খেলা রামিন রেজাইয়ান। পরে তার ক্রস থেকেই হেডে গোল করেছেন মোহাম্মাদ মোহেবি।
প্রতিযোগিতামূলক আসরে এই দুই দলের শেষ সাক্ষাৎ হয়েছিল ২০০৩ সালে। সেবার অক্টোবরে অনুষ্ঠিত সেই ম্যাচটিতে ইরান নিউজিল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছিল। তেহরানের আজাদি স্টেডিয়ামে এই ম্যাচটি ছিল 'এএফসি-ওএফসি চ্যালেঞ্জ কাপ'এর অংশ।
গ্রুপ 'জি'-এর এখনও পর্যন্ত দুটি ম্যাচই ড্র হয়েছে। এই গ্রুপে প্রথম ম্যাচে মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলো বেলজিয়াম। চার দলের পয়েন্ট সমান হলেও গোল বেশি করায় নিউজিল্যান্ড ও ইরান যথাক্রমে গ্রুপের এক ও দুইয়ে রয়েছে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি