
কলকাতা, ১৬ জুন (হি. স.) : মহিলা বেঙ্গল টি-টোয়েন্টি লিগে মঙ্গলবার জেইউ সল্টলেক মাঠে দুটি হাড্ডাহাড্ডি লড়াই। রুদ্ধশ্বাস ম্যাচে শ্রাচি রাঢ় টাইগার্স এক উইকেটে হারাল সোবিস্কো স্ম্যাশার্স মালদাকে। দিনের অন্য ম্যাচে আ্যডামাস হাওড়া ওয়ারিয়র্স ২৩ রানে পরাস্ত করে কলকাতা রয়্যাল টাইগার্সকে।
প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মালদা। পাওয়ার - প্লের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। সেই পরিস্থিতিতে মমতা কিস্কুর দায়িত্বশীল - ৬০ রানের ইনিংস দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেয়। পরমা মণ্ডল ও প্রতিভা মাণ্ডি ২০ রান করে যোগ করে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান তোলে মালদা। রাঢ় টাইগার্সের হয়ে রূপাল তিওয়ারি ৩ উইকেট নেয়, বিদিশা দে তুলে নেয় দুটি।
এদিকে, ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় টাইগার্স। তবে ২৩ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলে বৃষ্টি মাজি। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় তারা। মালদার হয়ে সাইকা ইশাক ও স্নিগ্ধা বাগ দুটি করে উইকেট নিলেও জয় অধরাই থেকে যায়।
অন্যদিকে, বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচটি ১৬ ওভারে কমিয়ে আনা হয়েছে। অধিনায়ক অঙ্কিতা চক্রবর্তী ও তিথি দাসের জুটিতে ভর করে ৫ উইকেটে ১২১ রান তোলে হাওড়া। তিথি ৫৩ বলে অপরাজিত ৬৮ রান করে। এর জবাবে কলকাতা ৯৮/৯-এ থেমে গেলে ২৩ রানের জয় পায় হাওড়া।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত