
নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): দিল্লি-এনসিআরে চারটি নতুন গ্রিনফিল্ড শহর গড়ে তোলা হবে এবং দিল্লির কাছাকাছি একটি আধুনিক উপনগরী 'নমো সিটি' তৈরি করা হবে। মঙ্গলবার ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন প্ল্যানিং বোর্ড-এর ৪২তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল। বৈঠকে এনসিআরের উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং গণপরিবহন সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
মনোহর লাল বৈঠকের পর সাংবাদিকদের জানান, আগামী দুই মাসের মধ্যে 'রিজিয়নাল প্ল্যান ২০৪১' চূড়ান্ত রূপ দিয়ে কার্যকর করা হবে। এনসিআরের বর্তমান সীমানায় কোনও পরিবর্তন হবে না। পরিকল্পনার আওতায় প্রতিটি রাজ্যে একটি করে বড় শহর গ্রিনফিল্ড 'নমো নোড' হিসেবে গড়ে তোলা হবে। দিল্লির কাছাকাছি গড়ে উঠতে চলা 'নমো সিটি'-কে অত্যাধুনিক শহুরে সব সুযোগ-সুবিধা এবং উন্নত পরিকাঠামোয় সজ্জিত করা হবে। তিনি বলেন, এনসিআরের আয়তন প্রায় ৫৫ হাজার বর্গ কিলোমিটার, যার মধ্যে ৩২টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে। এই অঞ্চলে উন্নয়ন এবং পরিবেশ রক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য নতুন নীতি কার্যকর করা হবে। বৈঠকে আরাবল্লী অঞ্চল সংরক্ষণের বিষয়েও আলোচনা হয়। বনভূমি রক্ষার বিষয়ে সবুজায়নের ওপর বিশেষ জোর দেওয়া হবে।
বৈঠকে দূষণ নিয়ন্ত্রণের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএস-১, বিএস-২ এবং বিএস-৩ যানবাহন রাস্তা থেকে উঠিয়ে বিএস-৬ মানের যানবাহন চালানোর জন্য উৎসাহিত করার বিষয়ে সহমত পোষণ করা হয়েছে। এর জন্য 'পরিবর্তন যোজনা' চালু করা হবে, যার অধীনে পুরনো যানবাহন স্ক্র্যাপিংয়ের জন্য পাঠানো হবে এবং নতুন যানবাহন ক্রয়ের ক্ষেত্রে উৎসাহ দেওয়া হবে। বিএস-৩ যানবাহনগুলো ২০১০ সাল থেকে চলছে, তা ১৬ বছরের পুরনো হয়ে গেছে। তাই এগুলোকে পর্যায়ক্রমে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হবে। যানজটের চাপ কমাতে এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে মেট্রো ও 'নমো ভারত' রেল নেটওয়ার্কের সম্প্রসারণের ওপরও জোর দেওয়া হয়েছে। প্রস্তাবে এনসিআরের চারটি বড় শহরকে নমো ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে, যার জন্য প্রায় ৫ হাজার কোটি টাকার বরাদ্দ করা হয়েছে।
বৈঠকে পেশ করা পরিসংখ্যান অনুযায়ী, এনসিআরের বর্তমান জনসংখ্যা প্রায় ৭৫ মিলিয়ন, যা আগামী ১৫ বছরে দ্বিগুণ হতে পারে। বিষয়টি মাথায় রেখে পরিবহন, আবাসন ও পরিকাঠামোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা হচ্ছে। বৈঠকে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি, উত্তর প্রদেশের নগরোন্নয়ন মন্ত্রী একে শর্মা, রাজস্থানের নগরোন্নয়ন মন্ত্রী ঝাওর সিং খররা সহ বেশ কয়েকজন শীর্ষস্তরের কর্মকর্তা ও পরিকল্পনাবিদ উপস্থিত ছিলেন। মনোহর লাল বলেন, এই পরিকল্পনা এনসিআরের উন্নয়নকে এক নতুন দিশা দেখাবে এবং আগামী বছরগুলোতে এই অঞ্চলের ক্রমবর্ধমান জনসংখ্যা ও চাহিদা পূরণে সহায়ক হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ