
কলকাতা, ১৬ জুন (হি.স.) : বিশ্বকাপের অভিষেকে অখ্যাত এক দল কেপ ভার্দে বিখ্যাত স্পেনের সঙ্গে ড্র করল! সোমবার রাতে এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট স্পেনকে গোলশূন্য ব্যবধানে রুখে দিয়েছে বিশ্বকাপের ইতিহাসে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে!
কেপ ভার্দে গোলকিপার ভোজিনিয়ার চোখে অশ্রু। কারন ৭ বার গোল লাইনে দুর্দান্তভাবে বল সেভ করে দেশকে প্রথম পয়েন্ট এনে দিয়েছেন। দেশের মানুষের অন্যতম সেরা উৎসবের দিনটা তাঁর হাত দিয়েই নেমে এসেছে সোমবার রাতে।
তারকাখচিত স্পেন, একবারের বিশ্ব চ্যাম্পিয়ন ৮০১টি পাস খেলেও ফিফা র্যাঙ্কিংয়ে ৬৪ তম কেপ ভার্দের জালে বল পাঠাতে পারে নি।
পরিসংখ্যান বলছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে ২০০২ বিশ্বকাপে ১–০ গোলে হারিয়েছিল নবাগত সেনেগাল। ১৯৬৬ বিশ্বকাপে ইতালিকেও একই ব্যবধানে হারিয়েছিল উত্তর কোরিয়া। এমনকি চার বছর আগে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিয়েছিল সৌদি আরব।
আর এবার স্পেন ০–০ কেপ ভার্দে। বিশ্বকাপে অভিষেক ম্যাচে অন্যতম ফেবারিট স্পেনের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেওয়াও সোজা কথা নয়!
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি