
মুম্বই, ১৬ জুন (হি.স.) : সুপারস্টার সূর্যর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘কারুপ্পু’-র দুর্দান্ত সাফল্য। প্রেক্ষাগৃহে দুর্দান্ত সাড়া পাওয়ার পর ছবিটি ওটিটি প্ল্যাটফর্মেও দর্শকদের মন জয় করছে। এরই মধ্যে অভিনেতার আগামী প্রজেক্টগুলি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
শোনা যাচ্ছে, নিজের ৫০তম ছবির জন্য পরিচালক নেলসন দিলীপকুমারের সঙ্গে কাজ করতে আগ্রহী সূর্য। যদিও এই সম্ভাব্য জুটিকে ঘিরে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
বিভিন্ন সূত্রের খবর, একটি কমেডি ছবির বিষয়ে নেলসন দিলীপকুমারের সঙ্গে যোগাযোগ করেছে সূর্যর টিম। জানা গিয়েছে, প্রজেক্টটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে বর্তমানে সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘জেলার ২’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন নেলসন। পাশাপাশি আরও একটি বড় প্রজেক্টের প্রস্তুতিও চলছে তাঁর। ফলে সূর্য-নেলসন জুটির সম্ভাব্য ছবিটি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এদিকে, ‘কারুপ্পু’-র পর এখন দর্শকদের নজর সূর্যর আগামী ছবি ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’-এর দিকে। এই ছবিতে তাঁর বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী মামিতা বাইজু।
আগামী ১৪ আগস্ট ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। তবে মুক্তির সঙ্গে সঙ্গেই বক্স অফিসে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে ছবিটিকে। কারণ একই সময়ে মুক্তি পেতে চলেছে সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’ এবং ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’। ফলে স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটিতে বক্স অফিসে জমজমাট লড়াই দেখার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস