
নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.) : গুজরাটের ভদোদরায় ভয়াবহ বাস-ট্রাক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং স্থানীয় প্রশাসনকে আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বুধবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে অমিত শাহ বলেন, “ভদোদরা-জেরোড মহাসড়কে ঘটে যাওয়া দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এই ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি সকল আহতের দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, বুধবার ভোরে ভদোদরা শহরের কোটম্বি স্টেডিয়ামের কাছে রাজস্থানের বাঁসওয়াড়া থেকে সুরাটগামী একটি যাত্রিবাহী বাস রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে এবং ২৬ জন আহত হয়েছেন। আহতদের ভদোদরার এসএসজি হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য