
আররিয়া, ১৭ জুন (হি.স.): নেপালের বিরাটনগরের একটি হোটেলে প্রিন্স কুমার যাদবের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ স্পষ্ট না হওয়ায় এবার ভিসেরা রিপোর্টের অপেক্ষায় রয়েছে নেপাল পুলিশ।
বুধবার মোরং জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুকে সরাসরি হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত করা যায়নি। সেই কারণেই তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে ভিসেরা পরীক্ষার ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে মেডিকেল বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে এবং একটি মেডিকেল বোর্ড গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে কেন্দ্র করে হোটেলে প্রিন্স যাদবের সঙ্গে থাকা চারজনকে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে বিহারের সসারাম ও সেহরসা এলাকার কয়েকজন যুবক রয়েছেন। পাশাপাশি এক নেপালি নাগরিককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশ আধিকারিকদের মতে, সকলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে যুক্ত সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ভারত–নেপাল সীমান্তবর্তী এলাকার সংবেদনশীলতা মাথায় রেখে তদন্ত আরও কঠোর করা হয়েছে।
উল্লেখ্য, বিহারের পাটনায় কোচিং সেন্টার সংক্রান্ত একটি বিবাদের জেরে সহিংস ঘটনা, ভাঙচুর ও গুলি চলার পর একাধিক গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই ঘটনার পরই প্রিন্স কুমার যাদব ও তাঁর কয়েকজন সহযোগী গ্রেফতারির আশঙ্কায় নেপালে পালিয়ে গিয়ে বিরাটনগরের ওই হোটেলে অবস্থান করছিলেন।
সেখানেই বিগত শনিবার রাতে রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ভিসেরা রিপোর্ট ও মেডিকেল বোর্ডের মতামতের অপেক্ষায় রয়েছে পুলিশ। এর পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য