
গুয়াহাটি, ১৭ জুন (হি.স.) : ‘ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (আন্ডার গ্র্যাজুয়েট)’, সংক্ষেপে নিট-ইউজি পরিচালনায় কোনও ধরনের অনিয়ম হতে দেবে না রাজ্য, এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে সেনা প্রহরায় পরীক্ষা পর্ব সম্পন্ন করতে ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল জ্যামার এবং ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থার থাকবে, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
আজ বুধবার মুখ্যমন্ত্রী ড. শর্মার পৌরোহিত্য আগামী ২১ জুন অনুষ্ঠেয় ‘নিট-ইউজি’ পুনঃপরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করতে এক উচ্চস্তরের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠেয় ‘জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা’টি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উচ্চস্তরের বৈঠকে মুখ্যমন্ত্রী পরীক্ষায় কোনও ধরনের অনিয়মের বিরুদ্ধে রাজ্য সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করবে বলে জানান। তিনি বলেন, পরীক্ষার প্রক্রিয়ায় কোনও ধরনের ত্রুটি বা ফাঁকফোকর যাতে না থাকে, তা নিশ্চিত করতে হবে।
বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, অসম সরকার বরাবরই পরীক্ষা-ব্যবস্থায় কঠোর পদক্ষেপ গ্রহণ করে আসছে, যাতে কোনও ধরনের অনিয়ম বন্ধ করা যায় এবং ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা করা সম্ভব হয়।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে দুই স্তরের তালাশি করা হবে। এছাড়া সমস্ত পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটার এলাকার মধ্যে বিএনএসএস-এর ধারা ১৬৩ ধারা জারি করা হবে, যাতে অননুমোদিত জমায়েত রোধ করা যায় এবং আইন-শৃঙ্খলা বজায় থাকে।
ইলেকট্রনিক ডিভাইস ও যোগাযোগ ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে পরীক্ষাকেন্দ্রগুলোতে মোবাইল জ্যামার বসানো হবে। সমস্ত কেন্দ্র সিসিটিভি নজরদারির আওতায় থাকবে। পরীক্ষা শুরুর আগে, চলাকালীন এবং পরবর্তী সময় পর্যন্ত কেন্দ্রগুলোর নিরাপত্তায় ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন থাকবে।
পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রশ্নপত্র পরিবহণের সময় সামরিক বাহিনীর আধিকারিকদের তত্ত্বাবধান রাখা হবে, যাতে কোনও ধরনের কারচুপি বা প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা কমানো যায়।
মুখ্যমন্ত্ৰী জানিয়েছেন, বৈধ নিট অ্যাডমিট কার্ডধারী পরীক্ষার্থীরা অসম রাজ্য পরিবহণ নিগমের বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর সুবিধার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৈঠকে সংশ্লিষ্ট আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা, পরিবহণ ও পুলিশ বিভাগ সহ বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় তৈরি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব জানান, ২১ জুন অনুষ্ঠেয় নিট-ইউজি পুনঃপরীক্ষায় অসমজুড়ে কয়েক হাজার পরীক্ষার্থী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। একাধিক স্তরের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থার মাধ্যমে রাজ্য সরকার পরীক্ষা প্রক্রিয়ায় সর্বোচ্চ মানের স্বচ্ছতা, ন্যায়সংগত পরিবেশ ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার লক্ষ্য নিয়েছে।
ড. শর্মা ফের জানান, ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা করা এবং যোগ্য প্রার্থীরা যাতে সমান সুযোগের ভিত্তিতে প্রতিযোগিতায় অংশ নিতে পারেন, তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস