চিত্তরঞ্জন দাসের প্রয়াণ দিবসে প্রকাশিত হলো ড. জয়ন্ত চৌধুরীর বই দেশবন্ধুর সুভাষ
কলকাতা, ১৭ জুন (হি. স.) : দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মহাপ্রয়াণের ১০১-তম দিবসে দক্ষিণ কলকাতার চেতলার হিন্দ সংঘে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রকাশিত হলো নেতাজি বিশেষজ্ঞ ড. জয়ন্ত চৌধুরীর নতুন গ্রন্থ দেশবন্ধুর সুভাষ। দীপ প্রকাশন থেকে প্রকাশিত এই বই
প্রকাশিত হলো ড. জয়ন্ত চৌধুরীর বই


কলকাতা, ১৭ জুন (হি. স.) : দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মহাপ্রয়াণের ১০১-তম দিবসে দক্ষিণ কলকাতার চেতলার হিন্দ সংঘে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রকাশিত হলো নেতাজি বিশেষজ্ঞ ড. জয়ন্ত চৌধুরীর নতুন গ্রন্থ দেশবন্ধুর সুভাষ।

দীপ প্রকাশন থেকে প্রকাশিত এই বইটিতে অপ্রকাশিত পাণ্ডুলিপি ও চিঠিপত্রের সূত্রে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের এবং তাঁদের সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠানের শুরুতে ‘বন্দে মাতরম’ সমবেতভাবে পরিবেশন করা হয়। স্বাগত ভাষণে নিখিল বঙ্গ কল্যাণ সমিতির সভাপতি প্রণব গুহ বলেন, দেশবন্ধু, নেতাজি ও স্বামী বিবেকানন্দের সেবার আদর্শ সবার পাথেয় হয়ে উঠুক।

বইটির লেখক ড. জয়ন্ত চৌধুরী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, জাতীয় রাজনীতিতে দেশবন্ধু এবং সুভাষচন্দ্রই প্রথম বাংলাকে প্রাসঙ্গিক করে তুলেছিলেন। ইতিহাসের স্বার্থেই আজ তাঁদের দেশপ্রেম ও সেবা ব্রতের সঠিক মূল্যায়ন হওয়া অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে দেশবন্ধু ও সুভাষচন্দ্র প্রতিষ্ঠিত দুটি ঐতিহাসিক প্রতিষ্ঠান—'দক্ষিণ কলকাতা সেবক সমিতি' এবং 'দক্ষিণ কলকাতা সেবাশ্রম'-এর বর্তমান অবৈতনিক সম্পাদক যথাক্রমে সন্দীপ দত্ত ও শুভেন্দ্র মৌলিক দেশবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং প্রতিষ্ঠান দুটির সংগ্রামী ঐতিহ্য সভায় তুলে ধরেন।

ব্যারিস্টার থেকে ফকির শীর্ষক এই আলোচনা সভায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সংগ্রামী জীবনের ওপর আলোকপাত করে বিশেষ বক্তৃতা দেন গবেষক শুভাশিস চৌধুরী। অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন গোপাল দাস এবং দেশবন্ধুর রচিত কবিতা আবৃত্তি করে শ্রদ্ধা জানান পার্থসারথি নাথ।

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীপ প্রকাশনীর সিইও সুকন্যা মণ্ডল, দীপ্তাংশু মণ্ডল, গবেষক ড. দীপক বরপণ্ডা এবং ক্রীড়া প্রশাসক অসিত বরণ ব্যানার্জি। স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্য, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বহু ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রিয়ম গুহ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রিয়াঙ্কা কারতি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande