লালকেল্লা বিস্ফোরণ মামলায় জাভেদ সিদ্দিকির অন্তর্বর্তী জামিন আবেদনে ইডিকে স্টেটাস রিপোর্টের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট
নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.) : লালকেল্লা বিস্ফোরণ মামলায় গ্রেফতার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকির অন্তর্বর্তী জামিনের আবেদনের শুনানিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।
লালকেল্লা বিস্ফোরণ মামলায় জাভেদ সিদ্দিকির অন্তর্বর্তী জামিন আবেদনে ইডিকে স্টেটাস রিপোর্টের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট


নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.) : লালকেল্লা বিস্ফোরণ মামলায় গ্রেফতার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকির অন্তর্বর্তী জামিনের আবেদনের শুনানিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। বুধবার বিচারপতি মধু জৈনের বেঞ্চ আগামী ২৪ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

ক্যানসারের চতুর্থ পর্যায়ে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার সময় তাঁর দেখভালের জন্য ছয় সপ্তাহের অন্তর্বর্তী জামিন চেয়ে আবেদন করেছেন জাভেদ সিদ্দিকি। এর আগে গত ৯ জুন সাকেত আদালত তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

শুনানির সময় ইডির পক্ষে আইনজীবী জোহেব হুসেন আদালতে জানান, এই আবেদন গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ নভেম্বর জাভেদ আহমেদ সিদ্দিকিকে গ্রেফতার করে ইডি। ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয় লালকেল্লা বিস্ফোরণের পর থেকেই তদন্তকারী সংস্থাগুলির নজরে ছিল। মামলায় গ্রেফতার তিন চিকিৎসকের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র পাওয়ার পরই তদন্তের পরিধি বাড়ানো হয়। সন্ত্রাসে অর্থ জোগান এবং অর্থপাচারের অভিযোগে জাভেদ সিদ্দিকিকে গ্রেফতার করা হয়।

চলতি বছরের ১৬ জানুয়ারি জাভেদ আহমেদ সিদ্দিকি এবং আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্টের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ইডি। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দায়ের করা দুটি এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় সংস্থাটি।

এফআইআরে অভিযোগ করা হয়েছে, আল ফালাহ বিশ্ববিদ্যালয় মিথ্যা তথ্য দিয়ে দাবি করেছিল যে তারা ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল (এনএএসি)-এর স্বীকৃতি পেয়েছে। ইডির দাবি, অর্থপাচার প্রতিরোধ আইনের আওতায় বিশ্ববিদ্যালয়ের একাধিক সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১০ নভেম্বর লালকেল্লার কাছে একটি আই-১০ গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই গাড়িটি আমির রশিদ আলির নামে নথিভুক্ত ছিল। বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয় এবং আহত হন আরও ৩২ জন। ঘটনার পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ জাভেদ সিদ্দিকির বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করে এবং তাঁকে গ্রেফতার করে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande